
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তান থেকে পাচার করে আনা একটি অস্ত্রের চালান জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার প্রাদেশিক পুলিশ কমান্ড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পাকতিয়া প্রাদেশিক পুলিশ কমান্ডের তথ্য অনুযায়ী, জব্দকৃত চালানের মধ্যে ১৬টি পিস্তল এবং পিস্তলের ১,৫০০ রাউন্ড গুলি রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব অস্ত্র ও গোলাবারুদ পাকিস্তান থেকে আফগানিস্তানে পাচার করা হচ্ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সময়মতো অভিযান পরিচালনা করে চালানটি জব্দ করতে সক্ষম হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় অবৈধভাবে অস্ত্র প্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর আগেও একাধিকবার সীমান্তপথে পাচারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী।
তথ্যসূত্র
1. Foiling of weapons and ammunition smuggling from Pakistan inton Afghanistan
– https://tinyurl.com/muaaed9b


