
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে নিখোঁজ হওয়ার এক দিন পর জুনাইদ আহমেদ (১৩) নামে এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত জুনাইদ বহুলী গ্রামের মো. দিলোয়ার হোসেন ও তাজ মহল আক্তারের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় জুনাইদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় স্থানীয়রা গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার সাংবাদিকদের জানায়, পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে জুনাইদকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় স্বজন ও এলাকাবাসীর একাংশও একই অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র:
১। কেন্দুয়ায় নিখোঁজের এক দিন পর কিশোরের লাশ উদ্ধার
– https://tinyurl.com/yh59z7r8


