
ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ইসলাম ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তার আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে একদল ছিনতাইকারী রাজিবের অটোরিকশাটি ভাড়া নেয়। তারা শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাজিবকে ঘিরে ফেলে। এরপর চালক রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে রাস্তার পাশে ঝোপের মধ্যে লাশ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলের পেছনে থাকা অন্য একটি অটোরিকশার চালক ও যাত্রীরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে ঘাতক চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তথ্যসূত্র:
১। চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
– https://tinyurl.com/mrxz34hz


