আফগানিস্তানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু

0
0

আফগানিস্তানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতি ইতোমধ্যে ক্রয় করা হয়েছে এবং শিগগিরই সেগুলো আফগানিস্তানে আনা শুরু হবে। একই সঙ্গে দেশে একটি আধুনিক ক্যানসার চিকিৎসা হাসপাতাল নির্মাণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে তারা।

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দের হাফিযাহুল্লাহ সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানি এ তথ্য জানিয়েছে। বৈঠকে কোম্পানির প্রধান মিরওয়াইস আজিজি জানান, বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি আফগানিস্তানে একটি বৃহৎ ক্যানসার চিকিৎসা হাসপাতালের নির্মাণকাজও শিগগিরই শুরু করা হবে।

বৈঠকে ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানির সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি তাদের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে জানানো হয়, সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে, বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং কাবুলের নাগলু এলাকায় ১০০ মেগাওয়াট, পারওয়ানের বারিক আব এলাকায় ১০০ মেগাওয়াট ও গজনি প্রদেশে ১৩১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

এছাড়া তাখারে ১৬৫ মেগাওয়াট এবং বাগলানে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, নাগলু ও গজনিতে উপকেন্দ্র নির্মাণ এবং কাবুলের তারাখেল এলাকা থেকে সবুজ শিল্পাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কারিগরি বিষয় নিয়ে আলোচনা চলছে, যা শিগগিরই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ কারিগরি কমিটির অগ্রগতির প্রশংসা করেন এবং প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন যে, বাকি কাজ দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে হবে। তিনি আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানিকে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে উচ্চমান বজায় রেখে প্রকল্পগুলো সম্পন্ন করার আহ্বান জানান।

আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে বিদ্যুৎ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশটির বিদ্যুৎ চাহিদা প্রায় ৪ হাজার মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ৭৫০ মেগাওয়াট। আজিজি এনার্জির এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ সংকট অনেকাংশে নিরসন হবে এবং শিল্প, কৃষি ও গৃহস্থালি খাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। পাশাপাশি, ক্যান্সার হাসপাতাল নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যখাতেও বড় অগ্রগতি আসবে। ইমারাতে ইসলামিয়ার সহযোগিতা ও বেসরকারি বিনিয়োগের এই সমন্বয় আফগানিস্তানকে একটি আত্মনির্ভরশীল অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Azizi Energy Company Announces Purchase of Equipment for 10,000 Megawatts Power Generation
– https://tinyurl.com/2hsme89y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাটোরে দিনমজুরকে তুলে এনে চুরির মামলায় ফাঁসাল থানার ওসি