ময়মনসিংহে ছয় মাসে ১০৩টি ধর্ষণ মামলা, রায় হয়েছে মাত্র একটি

0
2

ময়মনসিংহে চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত জেলার ১৪টি থানায় ধর্ষণের ঘটনায় ১০৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৪ জনই ১৮ বছরের নিচের শিশু ও কিশোরী। তবে ১০৩টি মামলার মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র একটির।

সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় একের পর এক ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা আলোচনায় এসেছে। গত ১৪ জুন ধোবাউড়া উপজেলায় বাড়ির পাশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ পরে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কংস নদীতে কাদার নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চার তরুণ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যাওয়ার পর দলবদ্ধভাবে যৌন নির্যাতন করে তাকে হত্যা করা হয় এবং লাশ নদীর কাদায় পুঁতে রাখা হয়।

এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই জেলার গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণের ঘটনা ঘটে। এছাড়া ভালুকায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ এবং ত্রিশালে মসজিদে পড়তে যাওয়া এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের শিকার ১০৩ জনের মধ্যে ৬৪ জন শিশু ও কিশোরী এবং ৩৯ জন প্রাপ্তবয়স্ক নারী। এ সময় দুই শিশু ও তিন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ ও এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগে মোট ৮১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে একটি ছেলে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায়ও মামলা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০৩টি মামলার মধ্যে ১১টির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে মাত্র। এবং এ পর্যন্ত মাত্র একটি মামলার বিচার শেষ হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের প্রথম ছয় মাসের ১০৬টি মামলার মধ্যে ৭৪টির অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো মামলার রায় হয়নি।


তথ্যসূত্র:
১। ময়মনসিংহে বেড়েছে শিশু ধর্ষণ, ছয় মাসে ১০৩ মামলা
– https://tinyurl.com/yfzyfzhw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু
পরবর্তী নিবন্ধবিএম-২১ রকেট লঞ্চার চালনায় প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়ার আরও ৯৫ জন সেনাসদস্য