
শতাব্দীর অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন। চলতি সপ্তাহে নতুন তাপপ্রবাহের পূর্বাভাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে ফ্রান্সের বোর্দো অঞ্চলে ছড়িয়ে পড়া বিশাল দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
গত ছয় দিনে দাবানলে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং অন্তত ২৪০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। আগুনের তীব্রতায় সৃষ্টি হওয়া বিশাল অগ্নিমেঘ নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
অন্যদিকে স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে জ্বলতে থাকা দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার থেকে নতুন তাপপ্রবাহ শুরু হবে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সময়ে ফ্রান্সেও মঙ্গলবার থেকে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শুষ্ক বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা দাবানল নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও পর্তুগালেও একই ধরনের ঝুঁকি দ্রুত বাড়ছে। চলতি বছরের শুরু থেকে স্পেনে প্রায় ১ লাখ ৫০ হাজার হেক্টর এবং ফ্রান্সে প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর ভূমি দাবানলে পুড়ে গেছে।
তথ্যসূত্র
1. France and Spain continue to battle fires as new heatwave looms
– https://tinyurl.com/uzpuyned


