ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সার-ই-পুলে দেশীয় অপরিশোধিত তেল শোধন শুরু, কমবে আমদানিনির্ভরতা

0
2

আফগানিস্তানের সার-ই-পুল প্রদেশে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগে নির্মিত একটি তেল শোধনাগার উদ্বোধন করা হয়েছে। আমু দরিয়া তেল অববাহিকা থেকে উত্তোলিত দেশীয় অপরিশোধিত তেল ব্যবহার করে শোধনাগারটিতে প্রতিদিন ৬০০ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের জ্বালানি চাহিদার একটি অংশ পূরণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

শোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আমু দরিয়া তেল অববাহিকার কাশকারি, জুমরাদ সাই ও আংগোট তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করে শোধনাগারে আনা হচ্ছে। সেখানে প্রক্রিয়াজাত করে ডিজেল, পেট্রোল ও মাজুত উৎপাদন করা হচ্ছে। এসব জ্বালানি দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণে সরবরাহ করা হবে।

শোধনাগারের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপক হাসিবুল্লাহ আমিরজাই বলেন, স্থানীয়ভাবে উত্তোলিত অপরিশোধিত তেল ব্যবহার করে জ্বালানি উৎপাদন দেশের অভ্যন্তরীণ পেট্রোলিয়াম উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাশকারি, জুমরাদ সাই ও আংগোট তেলক্ষেত্র থেকে কাঁচামাল সংগ্রহ করে শোধনাগারে তা প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করা হচ্ছে।

কারিগরি কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি অনুমোদিত মানদণ্ড অনুসরণ করে শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। উৎপাদন ও শোধনের প্রতিটি ধাপ নির্ধারিত কারিগরি মান অনুযায়ী পরিচালিত হচ্ছে।

শোধনাগারের কারিগরি প্রকৌশলী আহমদ জাভিদ বেকজাদ জানান, শোধন প্রক্রিয়ায় প্রথমে পেট্রোল, এরপর ডিজেল এবং সবশেষে মাজুত পৃথক করা হয়। উৎপাদিত সব জ্বালানি প্রয়োজনীয় কারিগরি মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করা হচ্ছে।

শোধনাগারটি ইতোমধ্যে শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা এই কর্মসংস্থানের সুযোগকে স্বাগত জানিয়ে দেশের উৎপাদন খাতে আরও বিনিয়োগের জন্য অন্যান্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শোধনাগারের কর্মী আবদুল্লাহ বাহলুল বলেন, এই কারখানা তাদেরসহ অনেক তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তিনি দেশের ভেতরে আরও বিনিয়োগের জন্য অন্যান্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

আরেক কর্মী গোলাম রাসুল শরিফি বলেন, দেশের অভ্যন্তরীণ শিল্পে বিনিয়োগ বাড়ানো হলে আফগানদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আফগানিস্তানে প্রতিদিন আনুমানিক ১০ হাজার টন পেট্রোলিয়ামজাত পণ্যের প্রয়োজন হয়। বর্তমানে আমু দরিয়া তেল অববাহিকা থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ টন অপরিশোধিত তেল উত্তোলন করা হচ্ছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

দেশীয় অপরিশোধিত তেল উত্তোলনের পাশাপাশি শোধন সক্ষমতা বাড়ানো গেলে দেশের জ্বালানি চাহিদার একটি অংশ অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। সার-ই-পুলে নতুন এই শোধনাগারের কার্যক্রম শুরু হওয়া সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সামনে এসেছে।


তথ্যসূত্র
1. $30 Million Oil Refinery Begins Operations in Sar-e-Pul
– https://tinyurl.com/4ch35zfb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝালকাঠির নলছিটিতে কোমরের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে কানওয়ার তীর্থযাত্রীদের হামলায় এক মুসলিম পিকআপচালক নিহত