
যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। গত ২০ নভেম্বর, শুক্রবার মধ্য গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এসব হামলায় বেসামরিক মানুষের পাশাপাশি বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরণার্থীশিবিরের ভেতরে একদল বেসামরিক মানুষকে লক্ষ্য করে ড্রোনটি হামলা চালায়। পৃথক আরেকটি হামলায় নুসেইরাত শরণার্থীশিবিরে একজন ফিলিস্তিনি শহীদ হন। এ ছাড়া দেইর আল-বালাহ শহরের প্রবেশপথের কাছে বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও দুজন শহীদ হয়েছেন।
আহতদের মধ্য গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চিকিৎসা সরঞ্জাম ও জনবলের তীব্র সংকটের কারণে হাসপাতালগুলো পূর্ণ সক্ষমতায় চিকিৎসাসেবা দিতে পারছে না। আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ দেইর আল-বালাহ থেকে জানান, গাজায় সার্বক্ষণিক ড্রোনের গুঞ্জন মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। সাধারণ মানুষও নিরাপদে দৈনন্দিন কাজ করতে পারছেন না। রাস্তায় বের হলেও যেকোনো মুহূর্তে হামলার শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হচ্ছে তাঁদের।
এদিকে, শুক্রবার গাজার পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। একই সময়ে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকে তথাকথিত ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় আরও তিনটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার (ইউনোস্যাট)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজা উপত্যকায় আনুমানিক ২ লাখ ১ হাজার ২৯০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। যা উপত্যকার মোট স্থাপনার প্রায় ৮২ শতাংশ।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন।
তথ্যসূত্র :
1. Israeli drone attacks kill seven Palestinians in central Gaza
– https://tinyurl.com/4hmbwpps


