
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য হিন্দুদের সিংহস্থ কুম্ভমেলার প্রস্তুতির অজুহাতে একটি মসজিদ, শাহী মাকবারা (রাজপরিবারের কবরস্থান) ও ১২টির বেশি মাজার বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে মাধব নগর রেলওয়ে স্টেশনের কাছে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মসজিদের মোতাওয়াল্লির বাড়িও ভেঙে ফেলা হয়।
দ্য অবজারভার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর হওয়ার কিছুক্ষণ আগে থেকে ছয়টি জেসিবি মেশিন নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে হিন্দুত্ববাদী রেলওয়ে কর্তৃপক্ষ। মাধব নগর রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের কাছে অবস্থিত মসজিদে কালান্দারি, শাহী মাকবারা এবং অন্যান্য ধর্মীয় স্থাপনা এ অভিযানে ধ্বংস করা হয়।
হিন্দুত্ববাদী কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছিল। রেলওয়ের কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানায়, উচ্ছেদ করা প্রায় ১৫ হাজার বর্গফুট জমিতে আসন্ন সিংহস্থ কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের জন্য অপেক্ষা ও অবস্থানের জায়গা নির্মাণ করা হবে।
অপরদিকে সংশ্লিষ্ট ওয়াকফ কমিটির চেয়ারম্যান কাজী মাওলানা আরিফ নদভী জানান, মসজিদে কালান্দারি, শাহী মাকবারা, ১২টির বেশি মাজার এবং মসজিদের মোতাওয়াল্লির বাড়ি অন্যায়ভাবে ভেঙে ফেলা হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট জমি নিয়ে ভোপালের ওয়াকফ ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় উচ্ছেদ অভিযান পরিচালনার আইনগত ভিত্তি নিয়ে তিনি প্রশ্ন তুলেন।
ওয়াকফ কমিটি এ ঘটনাকে অবৈধ উচ্ছেদ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানিয়েছে।
সমালোচকদের অভিযোগ, উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের নামে উজ্জয়িনীর মুসলিম ধর্মীয় স্থাপনাগুলো ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3d6m2dx6


