
ভারতের আসাম রাজ্যের হিন্দুত্ববাদী সরকার কর্তৃক বলপূর্বক বিতাড়নের শিকার হয়ে নারী ও শিশুসহ প্রায় ২০ জন মানুষ ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েছেন। ভারতের সন্ত্রাসী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। অপরদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদেরকে প্রবেশে বাধা দিলে তারা দুই দেশের সীমান্তের মধ্যবর্তী এলাকার নো ম্যানস ল্যান্ডে আটকে পড়েন।
মাকতুব মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আসামের শ্রীভূমি জেলার মদনপুর এবং বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লাতু পাল্লাথল সীমান্তের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে প্রায় ২০ জন মানুষ দুই দিন ধরে আটকে রয়েছেন। উভয় দেশের সীমান্ত কর্তৃপক্ষ তাদের নিজ নিজ ভূখণ্ডে প্রবেশের অনুমতি না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গভীর রাতে ওই ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে নারীসহ একদল মানুষকে বাংলাদেশে প্রবেশে বাধা দিচ্ছেন বিজিবি সদস্যরা।
বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিতে বিএসএফের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
একই রাতে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার আরেকটি চেষ্টা প্রতিহত করার খবরও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
আসামে বলপূর্বক বিতাড়ন অভিযান জোরদার
এ ঘটনার এক দিন আগে আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে দাবি করেছে, গভীর রাতে অভিযান চালিয়ে ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করে আসাম থেকে বিতাড়িত করা হয়েছে।
তার দাবি, ‘প্রত্যেক অবৈধ অভিবাসীকে থ্রিডি (ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট) তথা, শনাক্ত, তালিকা থেকে বাদ এবং বিতাড়নের লক্ষ্যে আসাম সরকার অভিযান চালাচ্ছে।’ পোস্টের সঙ্গে নারী ও শিশুসহ একদল মানুষের ছবিও প্রকাশ করেছে সে।
প্রচলিত নিয়ম অনুসারে আনুষ্ঠানিক প্রত্যাবাসন বা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না করেই কথিত অবৈধ অভিবাসীদের জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার নীতি গ্রহণ করেছে আসাম সরকার। ভারতের এ ধরনের নির্বিচার ও অমানবিক বিতাড়ন প্রক্রিয়ার সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। অভিযোগ, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রবেশাধিকার নিয়ে বিরোধ তৈরি হওয়ায় অনেক মানুষ দিনের পর দিন নো ম্যানস ল্যান্ডে আটকে পড়ছেন।
ভিডিও: https://twitter.com/i/status/2123725236550107421
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4swdenfd


