
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। ডিএনএ বিশ্লেষণে পাঁচজন পুরুষের শুক্রাণু ও একজনের রক্তের অস্তিত্ব মিলেছে। এর আগে ২০১৭ সালে সিআইডি ভুয়া ফরেনসিক রিপোর্ট দিয়ে তিনজনের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল।
তদন্ত সূত্রে জানা যায়, তনু হত্যাকাণ্ডে ছয়জনের সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে তদন্ত এগোচ্ছে। এ পর্যন্ত আদালতের নির্দেশে চার সাবেক সেনাসদস্য এবং বেসামরিক এক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই নতুন করে আরো দুজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ দেয় আদালত। তারা হল তনুর বন্ধু কুমিল্লার রাজাপাড়ার ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম। ষষ্ঠ সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি তদন্তকারীরা।
ডিএনএ রিপোর্টের সূত্র ধরে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে গত এপ্রিলে গ্রেপ্তার করে পিবিআই। এর পরই মামলার দুই সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ এবং সাবেক সেনাসদস্য শাহীন আলম দেশ ছেড়ে পালিয়ে যায় বলে তদন্তে বলা হয়েছে।
তদন্তকারীদের দাবি, শাহীন আলম গত এপ্রিলে গোপনে কুয়েতে পালিয়ে যায়। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে এবং সর্বশেষ লোকেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শনাক্ত হয়েছে।
তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেছেন, শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তার প্রশ্ন, ভুয়া ফরেনসিক রিপোর্ট দেওয়া চিকিৎসকের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া চিকিৎসক ডা. কামদা প্রসাদ সাহা বর্তমানে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া সার্জেন্ট জাহিদ ও তার স্ত্রীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা সম্ভব হবে। কারণ ঘটনার দিন তনু সার্জেন্ট জাহিদের বাসায় টিউশনি করতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই তাকে হত্যা করা হয়। তনুর মা আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, প্রায় সময়ই অসুস্থ থাকি। এরই মধ্যে কয়েকবার হাসপাতালেও গেছি। প্রতি মুহূর্তে মনে হয়, এই বুঝি মরে গেলাম। মৃত্যুর আগে তনুর খুনিদের বিচারটা দেখে যেতে চাই। মরার আগে আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে চাই।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তথ্যসূত্র:
১। ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণুর অস্তিত্ব মিলেছে
– https://tinyurl.com/3h2b89u4


