ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশিরে ১ কোটি ডলার ব্যয়ে ওষুধ ও পানীয় উৎপাদন কারখানার নির্মাণ শুরু

0
6

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে ১ কোটি ডলার বিনিয়োগে একটি বৃহৎ উৎপাদন কারখানার নির্মাণের কাজ শুরু হয়েছে। কারখানাটিতে ঔষধ, বিশুদ্ধ পানি এবং অ্যালকোহলমুক্ত বিভিন্ন পানীয় উৎপাদন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, চারজন দেশীয় বিনিয়োগকারীর উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ও শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পাঞ্জশিরের গভর্নর হাফিজ মোহাম্মদ আগা হাকিম বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।

কর্মকর্তারা জানান, প্রকল্পটিতে প্রাথমিকভাবে ১ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। তবে ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ ২ কোটি ৮০ লাখ ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

প্রথম পর্যায়ে এখানে বিশুদ্ধ খাবার পানি, অ্যালকোহলমুক্ত বিভিন্ন পানীয়, প্রাকৃতিক ফলের জুস এবং শিশুদের স্যালাইন উৎপাদন করা হবে। পাঞ্জশিরের স্থানীয় ফল ও পানি ব্যবহার করে এসব পণ্য তৈরি করা হবে। দ্বিতীয় পর্যায়ে দুধ পাস্তুরীকরণ এবং দুগ্ধজাত পণ্য যেমন- দুধ, দই, পনির, লাবন, মাখন ইত্যাদি উৎপাদনের ব্যবস্থা থাকবে।

ঔষধ উৎপাদন বিভাগে প্রতিদিন ২০০ হাজার ব্যাগ স্যালাইন উৎপাদনের সক্ষমতা থাকবে, যেখানে ১৮ ধরনের স্যালাইন তৈরি করা হবে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, কাবুলের কারখানাগুলোতে তারা প্রায় ৮০০ ধরনের ঔষধ উৎপাদন করছেন এবং সেই সক্ষমতা ও অভিজ্ঞতা পাঞ্জশিরে স্থানান্তর করতে চান।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে দেশের অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে ঔষধ, খাবার পানি ও খাদ্যপণ্যের বাজারচাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিনিয়োগকারীরা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে পাঞ্জশিরের উৎপাদনমুখী প্রকল্পগুলোতে বিনিয়োগ আরও বাড়বে এবং এই প্রদেশে উৎপাদিত পণ্য ‘পাঞ্জশির’ নামেই দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। পাঞ্জশিরে কারখানাভিত্তিক উৎপাদন খাতে এটিকে প্রথম বৃহৎ বিনিয়োগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে প্রদেশটিতে মাত্র একটি খাবার পানি উৎপাদন কারখানা চালু রয়েছে।


‎তথ্যসূত্র
1. پنجشېر کې د ۱۰ میلیونه ډالرو په پانګونې سره د یوې تولیدي کارخونې د جوړولو چارې پیل شوې
– https://tinyurl.com/4twz2sa6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাতে ৩ কোটি ডলার ব্যয়ে একটি বৃহৎ ঔষধ উৎপাদন কারখানা চালু, উৎপাদন হবে ৩০০ ধরনের ঔষধ
পরবর্তী নিবন্ধবনভূমি সংরক্ষণ ও কৃষি উৎপাদন বাড়াতে পাঁচ বছরে আফগানিস্তানে ১১ কোটি চারা রোপণ ও ৭১ হাজার গ্রিনহাউস স্থাপন করেছে ইমারাতে ইসলামিয়া