
হিজাব ও পর্দা নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষিকা তাসনীম সিরাজ মাহবুবকে লাল কার্ড দেখিয়েছেন তার বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) সকালে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মুখে কালো মাস্ক পরে এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের প্রতি সমর্থন জানানো অধ্যাপক সামিনা লুৎফাসহ অন্যদেরও প্রতীকী লাল কার্ড দেখান তারা।
উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর তাসনীম সিরাজ মাহবুব কোনো কারণ ছাড়াই ক্লাসে নেকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেয় এবং এ সময় নেকাব পরা ওই শিক্ষার্থী তার ওপর হামলা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তাকে শ্রেণিকক্ষের পেছনে বসতে বলে। এছাড়াও, সে শ্রেণিকক্ষে একই বেঞ্চে বসা ছয় ছাত্রকে ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করে।
এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘রেড কার্ড টু রেসিস্ট, ক্লাসিস্ট অ্যান্ড হিপোক্রিট’ এবং ‘রেড কার্ড টু দোজ হু সাপোর্ট ডিসক্রিমিনেশন, হিউমিলিয়েশন অ্যান্ড বুলিং’।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম গণমাধ্যমে বলেন, নিকাব পরার কারণে এক ছাত্রীকে ফান্ডামেন্টালিস্ট ও সন্ত্রাসী আখ্যা দেওয়ার পাশাপাশি ছয় ছাত্রকে একই বেঞ্চে বসতে দেখে তাদের গে ও গরিব বলে মন্তব্য করে তাসনিম সিরাজ মাহবুব। পরে ফেসবুক লাইভে এসে তাসনিম সিরাজ অভিযোগগুলোর যথাযথ জবাব না দিয়ে একপক্ষীয় ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বক্তব্য দেয়।
তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, অধ্যাপক সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক এবং তার অন্যান্য অনুসারী তাকে নির্লজ্জভাবে সমর্থন করেছে। তারা শিক্ষার্থীদেরই মূল অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আজকের প্রতীকী প্রতিবাদ তাদের সবার বিরুদ্ধে।’
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী গণমাধ্যমে জানায়, ‘বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি তখন অফিসে ছিলেন না। শিক্ষার্থীরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে থাকলে তা পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে জানা যাবে!’
এর আগে, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাসনীম সিরাজ মাহবুবকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দেয়। তবে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামে শিক্ষকদের একটি সংগঠন ইসলাম বিদ্বেষী তাসনীম সিরাজের পক্ষে অবস্থান নেয় এবং তারা তাসনীম সিরাজ মাহবুবকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস নেওয়া থেকে অব্যাহতির সিদ্ধান্তের সমালোচনা করে বিবৃতি দেয়।
এছাড়াও গত ১১ অক্টোবর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা শ্রেণিকক্ষে তাসনীম সিরাজের পক্ষে অবস্থান নেয় এবং সে ক্লাসে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায়।
এর পরদিনই তাসনীম সিরাজের বিরুদ্ধে এবং তার প্রতি সমর্থন জানানো শিক্ষকদের বিরুদ্ধে কালো মাস্ক ও নিকাব পরে লাল কার্ড প্রদর্শন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
তথ্যসূত্র:
১। ঢাবি শিক্ষক তাসনিম সিরাজের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
– https://tinyurl.com/5n846352


