শরীয়তপুরের গোসাইরহাটে সংস্কারের মাত্র সাত দিনেই সড়কে ধস ও ফাটল

0
2

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের পর সাত দিনেই ধসে পড়েছে সড়কের বিভিন্ন স্থান। জানা গেছে, সাড়ে ছয় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সড়কের চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির নির্মাণমান ও কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্মাণকাজে অনিয়ম ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানায় স্থানীয়রা। তবে ঠিকাদারের দাবি, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়ক ধসে পড়েছে। অন্যদিকে বক্তব্য দিতে রাজি হয়নি সংশ্লিষ্ট এলজিইডি প্রকৌশলী। উল্টো বক্তব্য দিলে সমস্যা হবে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছে প্রকৌশলী।

স্থানীয় ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করে গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়; কিন্তু কাজ শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই সড়কের প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়। ওই অংশে পিচের আস্তরণসহ নিচের মাটি সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। শুধু একটি স্থানেই নয়, সড়কের আরো অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে। পাশাপাশি চারটি স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।

ফাটল ধরা অংশগুলো আরো ভেঙে পড়লে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং পুরো সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


তথ্যসূত্র:
১। গোসাইরহাটে সংস্কারের সাত দিনেই সড়কে ধস ও ফাটল
– https://tinyurl.com/34ws8wrz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজির টাকা পুলিশ কিভাবে আদায় ও ভাগবাটোয়ারা করে তা নিয়ে বিস্ফোরক তথ্য জানালো চট্টগ্রামের বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বদলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন!