
দেশে মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের নামে খামারে নির্বিচারে ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবারের সঙ্গে কিংবা সরাসরি পানিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এসব ওষুধ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় চলছে এই প্রয়োগ। এতে প্রাণী ও মাছের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। ফলে একদিকে অকার্যকর হয়ে পড়তে পারে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, অন্যদিকে দূষিত হচ্ছে জলাশয় ও পরিবেশ।
বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণী বা মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধের ধরন অনুযায়ী নির্ধারিত এ সময়কে বলা হয় ‘উইথড্রয়াল পিরিয়ড’ বা প্রত্যাহারকাল। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এ নিয়ম মানছেন না। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরপরই বাজারে বিক্রি করছেন মাছ ও মুরগি।
এভাবে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ খাদ্যে প্রবেশ এবং প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও বিভিন্ন ধরনের সালফোনামাইড ব্যবহার হচ্ছে। এসব ওষুধের কয়েকটি মানবচিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন অন্যান্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট তৈরি করতে পারে।
দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই। খামারিরা ইচ্ছামতো প্রয়োগ করছে।
বেশিরভাগ খামারি হাঁস-মুরগি ও মাছকে রোগবালাই থেকে রক্ষা এবং দ্রুত বৃদ্ধির আশায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছে। নিজেদের অজ্ঞতার পাশাপাশি বড় ওষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ফিড ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তারা উচ্চমাত্রার এই অ্যান্টিবায়োটিক পুকুর বা ঘেরে প্রয়োগ করছে।
২০২২ সালে বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক মুরগির খামারবিষয়ক এক গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ খামারে উৎপাদনচক্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে। প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ প্রয়োগ করেছেন। অর্থাৎ রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে।
গবেষণা অনুযায়ী, ব্রয়লার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ। সোনালি মুরগির খামারে এই হার ৬৭ শতাংশ এবং লেয়ার খামারে ৪১ শতাংশ।
২০২৬ সালে প্রকাশিত বাংলাদেশের পোলট্রি ও ডেইরি খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারবিষয়ক আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের শ্রেণিভুক্ত।
বিশেষ করে লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের ৮৪ থেকে ৯৪ শতাংশকে ডব্লিউএইচওর ‘ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ বা ‘হায়েস্ট প্রায়োরিটি ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ শ্রেণির অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও এটি সীমিতসংখ্যক খামারের ওপর পরিচালিত গবেষণা, তথাপি এর ফলাফল জনস্বাস্থ্য সুরক্ষায় আরো কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা নির্দেশ করে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ গবেষণায় ব্রয়লার, সোনালি ও লেয়ার খামারে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র উঠে এসেছে। গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা শনাক্ত হয়েছে। এর মানে হলো, যথেচ্ছ ব্যবহারের কারণে ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে উঠেছে এবং সাধারণ অ্যান্টিবায়োটিকে আর মরছে না।
মাছ চাষেও একই প্রবণতা দেখা গেছে। এক গবেষণায় দেখা যায়, ৭৭ শতাংশ মাছচাষি তাদের পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন। রোগ সারানোর পাশাপাশি রোগ প্রতিরোধের উদ্দেশ্যেও তারা এসব ওষুধ ব্যবহার করে।
গবেষকরা ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ৬৭২টি মাছের খামার থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষণায় পাঙাশ, তেলাপিয়া, গলদা ও বাগদা চিংড়ি, কার্প, টেংরা, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শিং, মাগুর ও কই মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য পাওয়া যায়।
এসব খামারের মাছে প্রয়োগ করা অ্যান্টিবায়োটিকগুলো হলো অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, ফ্লরফেনিকল, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, পেনিসিলিন-জি, অ্যামিনোগ্লাইকোসাইডস, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাসিকসিন ও অ্যামোক্সিসিলিন। এসব অ্যান্টিবায়োটিক পরিমিত মাত্রার বেশি ব্যবহার করা মাছের জন্য খুবই ক্ষতিকারক। এসব মাছ খেলে মানুষের শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে।
উল্লেখ্য যে, বাংলাদেশে পোলট্রি খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর তদারকি ও প্রয়োগের চরম অভাব রয়েছে।
নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী দৈনিক আমার দেশের সাংবাদিকদের জানায়, ডিলারদের তৈরি করা চার্ট অনুসরণ করে অনেক পোলট্রি খামারি ও মাছচাষি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। রোগ প্রতিরোধের বিকল্প ব্যবস্থায় গুরুত্ব না দিয়ে তারা অবাধে এসব ওষুধ ব্যবহার করছে। তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও বাংলাদেশে এখনো যত্রতত্র এসব ওষুধ বিক্রি হচ্ছে।
তথ্যসূত্র:
১। পোলট্রি খামারে ব্যবহার উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, ঝুঁকিতে জনস্বাস্থ্য
– https://tinyurl.com/2tfvc8em


