
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বালখ প্রদেশে এক হাজার সদস্যের একটি নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে প্রাদেশিক পুলিশ কমান্ড। কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের পুলিশ প্রধানের নেতৃত্বে এই ইউনিট গঠন করা হয়েছে, যেখানে অভিজ্ঞ ও পেশাদার সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বালখ প্রাদেশিক পুলিশ কমান্ডের মুখপাত্র মোহাম্মদ ঈসা ওয়াসিক জানান, এই ইউনিটে দক্ষ ও অভিজ্ঞ মুজাহিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা দেশের জনগণ ও ইসলামী ভূখণ্ডের সুরক্ষায় দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, জনগণের সেবায় এই ইউনিটকে প্রস্তুত করা হচ্ছে এবং এর মাধ্যমে উত্তরাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ এই ইউনিট গঠনের ফলে অঞ্চলের নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ইউনিট গঠন বিশেষ অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলো সুরক্ষিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, এ ধরনের বাহিনী জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনযোগ্য শক্তি হিসেবে কাজ করতে পারে। সামরিক বিশ্লেষক গুলাম সারওয়ার নিয়াজি বলেন, এই ইউনিটকে হয় সংরক্ষিত বাহিনী হিসেবে অথবা প্রয়োজনে সরাসরি অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে। বিশেষ করে সীমান্তে সমস্যা সৃষ্টি হলে অথবা কোনো প্রদেশে অস্থিরতা দেখা দিলে এই বাহিনী দ্রুত মোতায়েন করা যেতে পারে।
অন্যদিকে বালখ প্রদেশের বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা রক্ষায় এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা এই ইউনিটের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করবেন।
তথ্যসূত্র
1.Balkh Police Establish 1,000-Member Security Unit in North
- https://tinyurl.com/ythp2mmk


