
আফগানিস্তানের নগর উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা জোরদারে কুন্দুজ প্রদেশে স্পিনজার বাণিজ্যিক ও আবাসিক টাউনশিপের পরিকল্পনা অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির মহাপরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, প্রায় ৪৫ বিলিয়ন আফগানি ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
স্পিনজার টাউনশিপটি ১৫০ জেরিব(প্রায় ৭৪ একর) জমির ওপর নির্মিত হবে। এতে আবাসিক ইউনিটের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, স্পিনজারের সম্পদের কার্যকর ব্যবহার, সরকারি আয় বৃদ্ধি, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নতুন টাউনশিপ নির্মিত হলে কুন্দুজের বাণিজ্যিক ও আবাসন চাহিদা মেটানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি আবাসন ও বাণিজ্যিক প্রকল্পে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। স্পিনজার টাউনশিপ অনুমোদনের ফলে কুন্দুজের অর্থনীতি চাঙা হবে এবং বেসরকারি বিনিয়োগ বাড়বে। এলাকার ব্যবসায়ীরা প্রকল্পটিকে সময়মতো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এই উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পটির বাস্তবায়নে দেশের নগরায়ন ও শিল্পায়নের ধারা বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. The plan for the Spinzar commercial and residential township in Kunduz
– https://tinyurl.com/mtpfcsex


