
আফগানিস্তানের জাবুল প্রদেশের শাহজয় জেলায় ২৫০ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি বৃহৎ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। বেসরকারি বিনিয়োগে বাস্তবায়িত এই প্রকল্পটি ৩০০ জেরিব (প্রায় ১৪৮ একর) জমির ওপর নির্মিত হবে এবং আগামী দেড় বছরের মধ্যে এর কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমারি হাফিযাহুল্লাহ বলেন, এই কমপ্লেক্স শুধু বাণিজ্য খাতেই নয়, কৃষি ও প্রাণিসম্পদ খাতেও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। তিনি জানান, দেশের ৩৪টি প্রদেশেই শিল্প, কৃষি ও অন্যান্য খাতে বিনিয়োগকারীদের জন্য সরকার প্রয়োজনীয় জমি প্রদান করছে।
জাবুল প্রদেশের গভর্নর মৌলভী শির মোহাম্মদ শরীফ হাফিযাহুল্লাহ বলেন, জাবুল প্রদেশে এই প্রথম ৩০০ জেরিব (প্রায় ১৪৮ একর) জমির ওপর এ ধরনের বৃহৎ কমপ্লেক্স নির্মিত হচ্ছে। তিনি দেশীয় বিনিয়োগকারীদের এ ধরনের উদ্যোগে অংশ নিয়ে আফগানদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রকল্পটির বিনিয়োগকারী দিলাওয়ার কোচি জানান, প্রাথমিক পর্যায়ে তিনি ১০০ মিলিয়ন আফগানি বিনিয়োগ করছেন। ৩০০ জেরিব জমির মধ্যে ১৫০ জেরিব (প্রায় ৭৪ একর) কৃষিকাজের জন্য এবং অবশিষ্ট ১৫০ জেরিব (প্রায় ৭৪ একর) বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যিক অংশে ২০০টি দোকান, একটি জ্বালানি স্টেশন, একটি হোটেল, একটি হাসপাতাল এবং তাজা ও শুকনো ফল প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য ২০টি কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া প্রকল্পে কৃষিজমি, পরিবহন ব্যবস্থা, মসজিদ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোও অন্তর্ভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই বৃহৎ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে জাবুল প্রদেশে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বহু মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তথ্যসূত্র
1. Commercial Complex Worth 250 Million Afghanis Under Construction in Zabul
– https://tinyurl.com/4xnvvpa7


