
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় ১৯ মে, মঙ্গলবার নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জনের বেশি মানুষ। লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রমতে, দক্ষিণ লেবাননের টাইর জেলার দেইর কানুন আল-নাহর শহরে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়া কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং সেখানে চারজন নিহত হয়েছেন। নাবাতিয়েহ ও বিনত জবেইল জেলাতেও ড্রোন হামলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিনভর সন্ত্রাসী ইসরায়েলি বিমানবাহিনী কফাররিমান, কাফরা, আল-শাহাবিয়া এবং মারাকাসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে দেশটিতে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। এছাড়া বিভিন্ন সময়ে আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন মানুষ।
তথ্যসূত্র
1. Israeli strikes kill 16 civilians in south Lebanon, Hezbollah steps up drone attacks
– https://tinyurl.com/mryydd55


