
ইমারাতে ইসলামিয়ার শাসনামলে আফগানিস্তানের জাফরান খাত আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করেছে। উন্নত মান, আন্তর্জাতিক মানদণ্ডসম্মত প্যাকেজিং এবং সরাসরি বৈদেশিক বাজারে প্রবেশের ফলে আফগান জাফরানের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এবং বিভিন্ন আরব দেশে সরাসরি আফগান জাফরান রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছে আফগানিস্তান জাফরান কনসোর্টিয়াম।
আফগানিস্তান জাফরান কনসোর্টিয়ামের প্রধান আব্দুল খালিক খোদাদাদি বলেন, সাম্প্রতিক সময়ে জাফরান রপ্তানিতে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয়েছে এবং বিশ্বের বহু বাজারে আফগান জাফরানের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, আফগান জাফরান উচ্চমানসম্পন্ন, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এবং পরীক্ষাগারে মান যাচাইয়ের পরই ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়। এ কারণেই আন্তর্জাতিক বাজারে আফগান জাফরান বিশেষ সুনাম অর্জন করেছে।
হেরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ আমিন জানান, চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ৪৫ লাখ মার্কিন ডলার মূল্যের জাফরান বিদেশে রপ্তানি হয়েছে। এ সময়ে প্রায় ২ হাজার ৯০০ কেজি জাফরান আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।
আফগানিস্তান জাফরান অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ৪০ টনেরও বেশি জাফরান উৎপাদিত হয়েছে। বর্তমানে আফগানিস্তানের ১২ হাজার হেক্টর (প্রায় ২৯,৬৫০ একর) জমিতে জাফরান চাষ হচ্ছে এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট চাষাবাদ ও সংগ্রহ কার্যক্রমে ৮০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রপ্তানি বাজারের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির ফলে ভবিষ্যতে আফগানিস্তানের জাফরান খাত জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তথ্যসূত্র
1. Afghan Saffron Exports to Global Markets Increase
– https://tinyurl.com/yd4u985t


