
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক বেচাকেনার সময় স্থানীয় যুবকদের হাতে আটক দুই মাদক কারবারিকে পুলিশে না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর হাসান। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় লিবাটি কেমিক্যাল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
দৈনিক আমার দেশ জানায়, ওই এলাকার সরোয়ার কাজীর ছেলে সোহাগ কাজী দুই পিস ইয়াবা বিক্রি করে একই গ্রামের সাইফারের ছেলে পারভেজের কাছে। এ সময় স্থানীয় ২০ থেকে ২২ জন যুবক তাদের দুজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।
পরে খবর পেয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর হাসান হাসিব ঘটনাস্থলে যায়। স্থানীয় যুবকরা সাংবাদিকদের জানায়, সে তাদের থানায় দেওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তবে শুক্রবার সকালে তারা থানায় খোঁজ নিয়ে জানতে পারেন, আটক দুইজনকে থানায় দেওয়া হয়নি; বরং হাসিবুর হাসান তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় যুবকরা শুক্রবার (১০ জুলাই) গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে জুমার নামাজের পর দারোগার বাড়ি জামে মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা হয়। যুবকদের দাবি, মাদক কারবারিদের ছেড়ে দেওয়ার ঘটনায় হাসিবুর হাসানের কাছে জবাবদিহি করতে হবে।
নওয়াপাড়া গ্রামের যুবক আমীর হামজা ও শাকিল সাংবাদিকদের জানায়, ‘আমরা যুবসমাজ মাদক কারবারিদের ইয়াবাসহ হাতেনাতে ধরেছিলাম। পরে হাসিব ভাই থানায় দেওয়ার কথা বলে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে থানায় খোঁজ নিয়ে জানতে পারি, তাদের থানায় দেওয়া হয়নি।’
তারা আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুবসমাজ যখন কাজ করছে, তখন এভাবে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ব্যাহত হবে।’
স্থানীয় বাসিন্দা একরামুল হক ও মফিজুর রহমান বলেন, ‘যুবকেরা মাদক কারবারিদের আটক করে ভালো কাজ করেছে। তবে তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’
তথ্যসূত্র:
১। ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা
– https://tinyurl.com/48vhfa6x


