
ভারতে উত্তর প্রদেশের মথুরায় অবস্থিত শাহী ঈদগাহ মসজিদ ভাঙার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয়। আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীকে সামনে রেখে ‘কর সেবা’র নামে মথুরার শাহী ঈদগাহ মসজিদ ভেঙে ফেলার ডাক দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা।
দ্য অবজারভার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মথুরার গোবর্ধন এলাকার ‘চিত্রগুপ্ত পীঠ’ নামক হিন্দুত্ববাদী প্রতিষ্ঠানের প্রধান ড. সচিদানন্দ মহারাজ ও তার সমর্থকদের নেতৃত্বে এই প্রচারণা চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড. সচিদানন্দ মহারাজ ও তার সহযোগীরা স্থানীয় বাজারগুলোতে ঘুরে বিভিন্ন স্লোগান দিচ্ছে। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে তারা আহ্বান জানাচ্ছে।
একটি ভিডিওতে তাকে স্থানীয় এক বাসিন্দার কাছে মথুরায় নির্মিত মসজিদটি তার পছন্দ কি না, তা প্রশ্ন করতে দেখা যায়। পরে সে বলেছে, ৬ ডিসেম্বর মসজিদটি ভেঙে ফেলা উচিত। ভিডিওতে ওই বাসিন্দাকেও মসজিদ ভাঙার উদ্যোগের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। এ ছাড়া মথুরায় সাধারণ মানুষকেও এ নিকৃষ্ট কাজে সমবেত হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, ছাতা থানার আওতাধীন হাতিঘাট এলাকায় প্রায় ৫০ জন ব্যক্তি হাতুড়ি, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মসজিদবিরোধী স্লোগান দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তর প্রদেশ সরকার কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় কর সেবকদের হামলায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার বার্ষিকীতে মথুরার শাহী ঈদগাহ মসজিদ ঘিরে একই ধরনের কর্মসূচির আহ্বান নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3r23xmtr


