
বুরকিনা ফাসোর উত্তরের কায়া থেকে পূর্বাঞ্চলের ফাদানগুরমা পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জেএনআইএম-এর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে প্রতিরোধ যোদ্ধারা দেশটির চারটি প্রদেশের অন্তত সাতটি এলাকায় জান্তা বাহিনী ও জান্তাপন্থী মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে পৃথক অভিযান চালিয়েছেন।
প্রতিরোধ বাহিনী জেএনআইএম-এর অফিসিয়াল প্রচারমাধ্যম আয-যাল্লাকায় প্রকাশিত ছয়টি পৃথক বিবৃতিতে ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সময়ের এসকল অভিযানের কথা জানানো হয়। নিশ্চিত করা হয়, জেএনআইএম যোদ্ধারা বুরকিনান জান্তা ও মিলিশিয়াদের হটিয়ে ৬টি সামরিক অবস্থানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন।
বিবৃতিগুলো অনুযায়ী, হামলাগুলো ছড়িয়ে ছিল দেশের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে। সবচেয়ে সাম্প্রতিক অভিযানটি চালানো হয় ২৫ নভেম্বর সকালে ফাদানগুরমা রাজ্যে। অভিযানটি রাজ্যের গায়েরি অঞ্চলের বালদা এলাকার উপকণ্ঠে জান্তা বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হয়েছে।
এর আগের রাতে কায়া রাজ্যের বোরজাঙ্গা শহরে জান্তাপন্থী মিলিশিয়াদের একটি সদর দপ্তরে অতর্কিত আক্রমণ চালান প্রতিরোধ যোদ্ধারা। সংক্ষিপ্ত লড়াইয়ের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা অবস্থানটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। একই প্রদেশে গত ২২ নভেম্বর সিলমাজি এবং ১৯ নভেম্বর তোগুইয়ে এলাকায় অভিযান চালান প্রতিরোধ যোদ্ধারা। উভয় অভিযান শেষেই প্রতিরোধ যোদ্ধারা জান্তা বাহিনীর ২টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
এছাড়াও, ২২ নভেম্বর গাওয়া রাজ্যের সোবোরো শহরে এবং ২০ নভেম্বর দিদুগু রাজ্যের কিনদোকুই ও বারানকুই শহরে জান্তা ও মিলিশিয়া বাহিনীর ৩টি অবস্থানে অভিযান চালান জেএনআইএম যোদ্ধারা। অভিযানগুলো শেষে প্রতিরোধ যোদ্ধারা ৩টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
বিবৃতিগুলোতে হতাহতের সংখ্যা, গনিমত হিসাবে অর্জিত অস্ত্র বা রসদের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে প্রচারিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, জেএনআইএম যোদ্ধারা জান্তা বাহিনীর একাধিক ভারী সাঁজোয়া যান, মোটরসাইকেল এবং অসংখ্য অস্ত্র জব্দ করতে সক্ষম হয়েছেন।
বুরকিনা ফাসো এখন পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের সবচেয়ে অস্থিতিশীল দেশগুলোর একটি। মালিতে ইসলামি শরিয়াহ্ রাষ্ট্র প্রতিষ্ঠায় বুরকিনান বাহিনী সামরিক হস্তক্ষেপ শুরু করলে, এর প্রতিক্রিয়া ২০১৫ সালের পর থেকে জেএনআইএম যোদ্ধারাও মালির পাশাপাশি বুরকিনান জান্তার বিরুদ্ধে সামরিক অপারেশন শুরু করেন। আর জেএনআইএমের এই সামরিক তৎপরতা বুরকিনা ফাসোতে দিন দিন ধারাবাহিকভাবে বেড়েই চলছে।
শুরুতে জেএনআইএমের অভিযানগুলো সীমান্তবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন তা দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কায়া, ফাদানগুরমা, গাওয়া ও দিদুগু রাজ্যগুলোতে জান্তার সামরিক ঘাঁটি, মিলিশিয়া ক্যাম্প ও কনভয়গুলো নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।


