
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসূল ﷺকে নিয়ে কটূক্তি করায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালত এ আদেশ দেয়।
এর আগে আমিনুর শাহকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে আমিনুর শাহ রাসূল ﷺ কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। তার এই অবমাননা ও আপত্তিকর মন্তব্যে এলাকায় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এতে এলাকায় যেকোনো সময় দাঙ্গাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দাঙ্গা বাঁধার সম্ভাবনা দেখা দেয়।
এ অবস্থায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আমিনুর শাহর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এনে নবাবগঞ্জ থানায় মামলা করেন আলাউদ্দিন নামে এক ব্যক্তি। পরে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তথ্যসূত্র:
১। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ কারাগারে
– https://tinyurl.com/kns8ffv4


