
অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে ৫টি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে দখলদার ভারতীয় প্রশাসন, এরফলে লাদাখে মোট জেলার সংখ্যা ৭টিতে পৌঁছেছে।
২৯ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সৃষ্ট জেলাসমূহ হলো নুবরা, শাম, চাংথাং, জানস্কার ও দ্রাস। এর আগে লেহ ও কার্গিল নামে কেবল দুটি জেলা নিয়ে লাদাখ অঞ্চল গঠিত ছিল।
দখলদার প্রশাসনের দাবি, শাসন বিকেন্দ্রীকরণ ও প্রত্যন্ত অঞ্চলে সরকারি পরিষেবা উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ গৃহীত হয়েছে।
তবে পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে অসামঞ্জস্যপূর্ণভাবে নতুন জেলাগুলো পুনর্গঠন করা হয়েছে। উদাহরণস্বরূপ, এর আগে লাদাখের ২টি জেলার মধ্যে কার্গিল জেলা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং লেহ জেলা ছিল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ। আর বর্তমানে ৭টি জেলার মধ্যে ৫টি জেলা (লেহ, নুবরা, শাম, চাংথাং ও জানস্কার) বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ। কেবল ২টি জেলা কার্গিল এবং দ্রাস মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
অথচ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, লাদাখের মোট জনসংখ্যার (২৭৪২৮৯ জন) ৪৬.৪ শতাংশ মুসলিম এবং ৩৯.৬৫ শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। নতুন জেলা পুনর্গঠন অনুযায়ী, ৩৯.৬৫ শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৫টি জেলা, অথচ ৪৬.৪ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর জন্য মাত্র ২টি জেলা বরাদ্দ থাকছে।
সমালোচকদের যুক্তি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাদাখ অঞ্চলকে অসামঞ্জস্যপূর্ণভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে দখলদার ভারত বিরোধী ঐক্য বিনষ্ট ও দমনের একটি ষড়যন্ত্র, পাশাপাশি উক্ত অঞ্চলে মুসলিমদের সংখ্যালঘু হিসেবে চিত্রিত করার একটি অপপ্রয়াস।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2bzhmw7a


