
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে যাত্রী ও পণ্য পরিবহন এবং অন্যান্য খাত থেকে ১ হাজার ৫৪২ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে, এ আয়ের বিপরীতে সংস্থাটি ব্যয় করেছে ২ হাজার ৮৭০ কোটি টাকা।
ট্রেন পরিচালনা, ইঞ্জিন-কোচ (রোলিংস্টক) মেরামত ও রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য খাতে এ পরিমাণ অর্থ ব্যয় করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আয় ও ব্যয় বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের নয় মাসে রেল সাকল্যে লোকসান করেছে ১ হাজার ৩২৮ কোটি টাকা। প্রতি ১ টাকা আয় করতে সংস্থাটিকে ব্যয় করতে হয়েছে ১ টাকা ৮৬ পয়সা।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর বাংলাদেশ রেলওয়ে থেকে ৩ হাজার ১৭৩ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় প্রকৃত আয়ে অনেক পিছিয়ে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, আগের ধারাবাহিকতায় চলতি অর্থবছরও বড় লোকসানের পথে হাঁটছে রেল।
ধারাবাহিক লোকসানের পাশাপাশি রেলের যাত্রীসেবার মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। ট্রেনে-স্টেশনে অপরিচ্ছন্নতা, সময়সূচিতে হেরফের, টিকিট কালোবাজারি, আসনবিহীন ও টিকিটবিহীন যাত্রীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা, খাবারের বাড়তি দামসহ ব্যবস্থাপনাগত বিভিন্ন ইস্যু এবং চলন্ত অবস্থায় ইঞ্জিন-বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ইঞ্জিন বিকল, ঘন ঘন লাইনচ্যুতির মতো কারিগরি বিষয়গুলোও যাত্রী ভোগান্তির কারণ হচ্ছে।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই রেল লোকসান দিয়ে আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেলের উন্নয়নে বিপুল বিনিয়োগ হলেও তা যথাযথভাবে হয়নি। এ কারণে বড় বিনিয়োগের পরও লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না সংস্থাটি।
তথ্যসূত্র:
১। নয় মাসে রেলের আয় ১৫৪২ কোটি টাকা ব্যয় ২৮৭০ কোটি
– https://tinyurl.com/53nzwx7d


