বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান, উৎপাদনের মান যাচাইয়ে ঢাকায় বিশেষজ্ঞ প্রতিনিধি দল

0
0

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি ও সরবরাহ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের ওষুধ উৎপাদনকারী কারখানা পরিদর্শনে এসেছে ইমারাতে ইসলামিয়ার পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল। আফগানিস্তানের বাজারে সরবরাহের জন্য যেসব বাংলাদেশি প্রতিষ্ঠানের ওষুধ আমদানি করা হবে, সেগুলোর উৎপাদনপ্রক্রিয়া ও গুণগত মান যাচাই করাই এ সফরের প্রধান উদ্দেশ্য।

ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ২৪ নভেম্বর, মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন আফগানিস্তান ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (AFDA) বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। তাঁরা বিভিন্ন ওষুধ উৎপাদনকারী কারখানা সরেজমিনে পরিদর্শন করে উৎপাদনব্যবস্থা, মান নিয়ন্ত্রণ এবং ওষুধের কার্যকারিতা মূল্যায়ন করবেন। এর মাধ্যমে আফগানিস্তানে আমদানির আগে ওষুধের মান নিশ্চিত করা এবং নিম্নমানের ওষুধ প্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে।

মূলত আফগান ব্যবসায়ীরা বাংলাদেশি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে ওষুধ আমদানি করবেন। এ ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান থেকে ওষুধ নেওয়া হবে এবং সেসব প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধ নির্ধারিত মান পূরণ করছে কি না, তা যাচাই করা জরুরি। বিশেষজ্ঞ দলটি কারখানা পরিদর্শনের মাধ্যমে উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণব্যবস্থা পর্যবেক্ষণ করে এ বিষয়ে প্রয়োজনীয় মূল্যায়ন করবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী আহমদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। ওই সময় তাঁরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রেনাটা পিএলসি পরিদর্শন করেন। সফরে আফগান ব্যবসায়ী ও বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে সমঝোতা হয়। পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর ওষুধ নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়।

সর্বশেষ বিশেষজ্ঞ প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে ওষুধ বাণিজ্য সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগ। বাংলাদেশের ওষুধ উৎপাদন খাতের অভিজ্ঞতা ও উন্নত মান নিয়ন্ত্রণব্যবস্থা কাজে লাগিয়ে আফগানিস্তানে নিরাপদ ও মানসম্মত ওষুধের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারকদের জন্য আফগানিস্তানের বাজার আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. Five-Member Ministry of Public Health Technical Team Departs for Bangladesh to Assess Pharmaceutical Manufacturing Quality
– https://tinyurl.com/3fwbx52c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের চারজন শহীদ, আহত ১২
পরবর্তী নিবন্ধ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিল ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী