মুসলিম হওয়ায় বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় অনাহারে ঘুরছেন ভারতীয় বৃদ্ধ

0
8

ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় বাহিনী বিএসএফ। এর মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আরও এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ।

কয়েকদিন ধরে তিনি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রখর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন প্রায় ৬০ বছর বয়সী ওই মুসলিম বৃদ্ধ। খোলা আকাশের নিচে তার দিন-রাত কাটছে আতঙ্ক, অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে।

সীমান্তে উপস্থিত অনেকেই বলছেন, বৃদ্ধের অবস্থা দেখে মনে হচ্ছে যেন পৃথিবীতে তার কোনো দেশ নেই, কোনো আশ্রয় নেই।

স্থানীয় সূত্র ও বিজিবির বরাতে দৈনিক আমার দেশ জানায়, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা চেন্নাইয়ের বাসিন্দা ওই মুসলিম বৃদ্ধকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। সকালে তাকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।

একপর্যায়ে ঐ বৃদ্ধ ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে বাধা দেয়। পরে তিনি ভারতের দিকে ফিরে গেলে বিএসএফ সদস্যরাও তাকে ধাওয়া দিয়ে আবার বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে যান ওই বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যেতে বাধ্য হওয়া মানুষটির অবস্থা ছিল অত্যন্ত করুণ। সীমান্তের কাঁটাতারের মাঝখানে দাঁড়িয়ে অসহায়ভাবে এদিক-ওদিক ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। তার চোখেমুখে ছিল আতঙ্ক, অনিশ্চয়তা আর ক্লান্তির ছাপ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের একাধিক ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ভারতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদেরও বাংলাদেশি দাবি করে সীমান্তে পাঠানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের মতে, ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী দরিদ্র ও প্রান্তিক মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন।


তথ্যসূত্র:
১। মুসলিম পরিচয়ে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় অনাহারে ঘুরছেন বৃদ্ধ
– https://tinyurl.com/ymp9hakv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামে স্কুল টিফিনে গরুর মাংস নিয়ে বিতর্ক, মুসলিম শিক্ষার্থীদের বহিষ্কারের আশঙ্কা, অভিভাবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে চালককে খুন করে ইজিবাইক চুরি, আটক ২