
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বালখ প্রদেশে ইস্পাত শিল্প উল্লেখযোগ্য গতিতে এগিয়ে চলেছে। বালখ স্টিল প্রযোজক সমিতি জানিয়েছে, বর্তমানে প্রদেশটিতে ইস্পাত গলানো ও রড, প্রোফাইল, গার্ডারসহ বিভিন্ন ইস্পাত পণ্য উৎপাদনে সক্রিয় রয়েছে সাতটি কারখানা। এসব কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা এক হাজার টনেরও বেশি।
সমিতির কর্মকর্তারা জানান, এই কারখানাগুলোতে হাজার হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। এসব কারখানার উৎপাদিত পণ্য দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও রপ্তানি করা হচ্ছে।
বালখ প্রদেশের বাণিজ্যিক সূত্র জানায়, আফগানিস্তানের পুনর্নির্মাণ কাজে বেড়ে যাওয়া নির্মাণ সামগ্রীর চাহিদা পূরণে এই ইস্পাত কারখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইমারাতে ইসলামিয়ার পৃষ্ঠপোষকতায় দেশে বড় বড় পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের ফলে নির্মাণ খাতে ইস্পাতের চাহিদা ক্রমাগত বাড়ছে।
শিল্পখাত বিশ্লেষকদের মতে, স্থানীয়ভাবে ইস্পাত উৎপাদন বাড়ার ফলে আমদানিনির্ভরতা কমছে এবং দেশীয় শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এটি আফগানিস্তানের আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার পথে একটি ইতিবাচক অগ্রগতি। আগামী বছরগুলোতে এই খাতের উৎপাদন সক্ষমতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. The Balkh Steel Producers Association says seven factories
– https://tinyurl.com/3t457tkd


