ফেনীতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে সাড়ে চার মাস পর স্বপদে পুনর্বহাল

0
0

গত মার্চে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে দল থেকে বহিষ্কার করা হয়েছিল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে। তবে ঘটনার সাড়ে চার মাসের মাথায় সেই সমালোচনা ও বিতর্ক অনেকটাই থেমে যাওয়ার পর তাকে আবারও আগের পদে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এর আগে, গত মার্চে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে নোমানের সঙ্গে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে মাটি পরিবহনের জন্য নোমান ১৬ হাজার টাকা চাঁদা দাবি করে।

প্রায় চার মিনিটের ওই ফোনালাপে নোমানকে ইলাশপুর সড়ক দিয়ে সাত দিন মাটি পরিবহনের জন্য টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়।

ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নোমানুল হক নোমানকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।


তথ্যসূত্র:
১। চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত সেই ছাত্রদল নেতাকে পুনর্বহাল
– https://tinyurl.com/mrybt2ua

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহেরাতে ১৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আধুনিক নগরায়ণের মহাপরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া