
ভারতে বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় একটি মসজিদের ভেতরে সাফিক আহমেদ নামে এক ইমামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ১৭ আগস্ট (সোমবার) সকালে অর্ণা বাজার এলাকার মসজিদ থেকে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, নির্ধারিত সময়ে মসজিদ থেকে আজান না শুনে সেখানে যায় এলাকাবাসী, সেখানে তারা ইমামের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে উচকাগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে আসে, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনও একসময়ে সাফিক আহমেদকে ছুরিকাঘাত করা হয়েছে।
সাফিক আহমেদ ভোর থানার রুদালপুর গ্রামের বাসিন্দা। তিনি অর্ণা বাজারের সংশ্লিষ্ট মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার তিন ছেলে রয়েছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মসজিদের আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
হত্যার কারণ এবং জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের দাবি, তদন্ত চলছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3uxjes94


