
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কেবল হিন্দুদের পরিচালিত দোকান থেকে মাংস ও বিরিয়ানি কিনতে প্রচারণা চালাচ্ছে আরএসএস সমর্থিত একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে এই ধরনের পোস্টার প্রচারণা করা হচ্ছে।
একটি পোস্টারে লেখা হয়েছে, ‘হিন্দুর দোকান থেকে মাংস কিনুন, হিন্দুকে স্বাবলম্বী করুন।’ অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, “বিরিয়ানি খেতে বারণ করা হচ্ছে না, বিরিয়ানি খান, কিন্তু হিন্দু দোকান থেকে।” আসন্ন দুর্গাপূজার আগে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এসব পোস্টার লাগানো হয়েছে।
সমালোচকদের অভিযোগ, ভারতে মন্দির কিংবা বিভিন্ন হিন্দু ধর্মীয় যাত্রার আশেপাশে মুসলমানদের বিরিয়ানি ও মাংসের দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। হিন্দু ধর্মের বিধিনিষেধের অজুহাত দেখিয়ে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন ও প্রশাসন কর্তৃক এরূপ মুসলিমবিরোধী পদক্ষেপের দৃষ্টান্ত পাওয়া গেছে।
অপরদিকে আরএসএস মদদপুষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মাংস ও বিরিয়ানি খাওয়ার বিরোধিতা করছে না। বরং হিন্দুদের পরিচালিত দোকান থেকে এসব খাবার কেনার আহ্বান জানাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এখানে হিন্দুত্ববাদীদের কাছে মাংস বা বিরিয়ানি- কোনও উদ্দেশ্য নয়। বরং মূল উদ্দেশ্য হলো মুসলিম বিক্রেতাদের হেনস্তা ও ব্যবসার ক্ষতিসাধন করা। কারণ একই খাবারের বিক্রেতা মুসলিম হলে তা ধর্মের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, পক্ষান্তরে ব্যবসায়ী হিন্দু হলে ওই ব্যবসার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ykpvfrmh


