
কুমিল্লায় সোশ্যাল ইসলামী ব্যাংকের লালমাই বাজার এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতের কাছে পাঁচ দিন আগে চাঁদা দাবি করেছিল কিশোর গ্যাং লিডার আবরাদ হাসান সজিব। চাঁদা না দেওয়ায় রিফাতকে মারধর করে এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলে চলে যায় সজিব। ওই রাতেই নিখোঁজ হন রিফাত। শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রেদোয়ান হোসেন রিফাত ওই এলাকার মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর অভিযুক্ত কিশোর গ্যাং লিডার সজিব স্থানীয় কলেজ পাড়ার বাসিন্দা ও সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
গণমাধ্যম সুত্রে জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক হিসাবে কর্মরত ছিল। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে চলে যায়। ওই দিন রাতে নিখোঁজ হন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের ডায়েরি (জিডি) করেন। এর পাঁচদিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সজিব কিশোর গ্যাং লিডার। সে এলাকার আতঙ্ক। এতো অভিযান পরিচালনা করা হয় কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করা হয় না। নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছে। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা না দেওয়ায় সেদিন একদফা মারধরের পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কিভাবে মানবো?’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম সাংবাদিকদের জানায়, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত সজিবকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তথ্যসূত্র:
১। পাঁচ দিন পর পুকুরে এজেন্ট ব্যাংক পরিচালকের লাশ
– https://tinyurl.com/4d5szvub


