
ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী নামে এক ব্যক্তি। অপহরণকারী আওয়ামী সন্ত্রাসীদের দাবির মুখে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়। এ সময় তার ব্যবহৃত আইফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছে বিএনপির এ নেতা।
মুক্তির পর রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফিরে আসে মনিরুল হক ফরাজী। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছে। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
মনিরুল হক ফরাজী গণমাধ্যমে জানায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে সঙ্গে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের গাড়ি থামানোর সংকেত দেয়। সামনে এগিয়ে তারা দেখতে পায়, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
এ সময় কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। কিন্তু লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। এরপর গাড়ি থেকে নামিয়ে মনিরুল হক ফরাজীকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।
মনিরুলের অভিযোগ, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাকে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় হামলাকারীরা।
ভুক্তভোগী আরও জানায়, আটকে রাখার পর তাকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে হাঁটতে বাধ্য করা হয়। পরে মুক্তির বিনিময়ে আরও টাকা দাবি করে আওয়ামী সন্ত্রাসীরা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে মনিরুল হক।
মনিরুল হক ফরাজীর ভাষ্য, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাকে আটকে রাখে। মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছায়। সেখানে চিকিৎসা নিচ্ছে, তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে বলে জানায় মনিরুল হক।
তথ্যসূত্র:
১। গোপালগঞ্জে আ.লীগের হাতে বিএনপি নেতা অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি
– https://tinyurl.com/3ma7vrhh


