
ফের নাশকতার ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে গণহত্যাকারী এ দলটি। নিরাপদে দেশের বাইরে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করছে পলাতক দলটির নেতারা।
গোয়েন্দা তথ্যের বরাতে গণমাধ্যম সূত্রগুলো জানায়, পলাতক নেতাদের এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। কখনো নিজ দলের নেতাকর্মী, কখনো আবার ভাড়া করা লোক দিয়ে আগুন দেয়া হচ্ছে বাসে, আর্থিক প্রতিষ্ঠানে। থানা, পুলিশ বক্স, এসআরবি ক্যাম্প, সিআইডি, এসবি কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তর টার্গেট করে ছোড়া হচ্ছে ককটেল ও পেট্রোল বোমা।
তদন্ত সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানিয়েছে- শুধু বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ নয়, নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ এই দলটির এসকল নাশকতার ঘটনা বাড়তে পারে আরও কয়েকগুণ। তাদের প্রতিহত করতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, টহল জোরদার, অভিযান, তল্লাশি, পোশাকি পুলিশের উপস্থিতিসহ বিশেষ তৎপরতা বৃদ্ধি করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। সরকারি দল বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি অংশে হঠাৎ জমায়েত করার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ-ব্যবস্থায় অবরোধ করে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। এ ধরনের জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার পরিস্থিতি তৈরি হতে পারে। রাজধানীর ভেতরেও একাধিক জায়গায় একযোগে ঝটিকা মিছিল বা জমায়েত করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যই যাচাই বাছাই করছে। এ কারণে রাজধানীর প্রবেশপথ, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারির পরিকল্পনা নেয়া হয়েছে।
তথ্যসূত্র:
১। ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য
– https://tinyurl.com/y7c2mtc5


