বগুড়ায় ছিনতাই দেখে ফেলায় শিশুকে হত্যা, ধানক্ষেতে মিললো মাটিচাপা লাশ

0
7

অটো ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলেছিল ১০ বছরের শিশু রাজু আহম্মেদ। আর সেই ঘটনা গোপন রাখতে ওই শিশুটিকে হত্যা করা হয়। এবং পরে শিশুটির লাশ জলাবদ্ধ একটি ধানক্ষেতে পুঁতে রাখে হত্যাকারীরা। সর্বশেষ তিনদিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার (৬ আগস্ট) শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। নিহত রাজু আহম্মেদ ররোয়া গ্রামের শাহ আলমের ছেলে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল- উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৫) ও তার সহযোগী মির্জাপুর বাজার এলাকার আব্দুল করিম (২২)। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রোববার (২ আগস্ট) অভিযুক্ত মোস্তাকিম ররোয়া গ্রাম থেকে একটি অটোরিকশা ছিনতাই করে। আর এই অটো ছিনতাইয়ের ঘটনাটি শিশু রাজু দেখে ফেলে। ছিনতাইয়ের তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় ঘটনার একদিন পরই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় ঘাতক মোস্তাকিম ও তার লোকজন। একপর্যায়ে শিশুটিকে হত্যার পর লাশ গুম করতে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী এলাকার একটি মাঠে ধানক্ষেতে পুঁতে রাখা হয়।

এদিকে রাজু নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সময়ে এলাকায় অটো ছিনতাইয়ের ঘটনাটিও পুলিশের নজরে আসে। তদন্তের একপর্যায়ে পুলিশ অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে মোস্তাকিমকে এবং ছিনতাই করা অটো কেনার অভিযোগে আব্দুল করিমকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দুজনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই শিশু রাজুর লাশের সন্ধান পায় পুলিশ। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে তাড়াশের গাবরগাড়ী এলাকার একটি জলাবদ্ধ জমিতে পুলিশ অভিযান চালিয়ে রাজুর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে শিশু রাজুর এমন নির্মম মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বিক্ষুব্ধ এলাকাবাসীর মোস্তাকিম এর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।


তথ্যসূত্র:
১। ছিনতাই দেখে ফেলায় শিশুকে হত্যা, ধানক্ষেতে মিললো মাটিচাপা মরদেহ
– https://tinyurl.com/yc44smbx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় তনু হত্যা মামলায় দীর্ঘ দশ বছর পর ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণুর অস্তিত্ব মিলেছে, মৃত্যুর আগে খুনিদের ফাঁসি দেখতে চান তনুর মা
পরবর্তী নিবন্ধনেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার