
দেশের ভেতরে ইন্টারনেটের তথ্য আদান-প্রদান আরও নিরাপদ, দ্রুত ও সহজ করতে জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জ প্রকল্প হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এই ব্যবস্থার মাধ্যমে দেশের ভেতরের ইন্টারনেট তথ্য অপ্রয়োজনে বিদেশি নেটওয়ার্ক ঘুরে না গিয়ে দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্কের মধ্যেই সরাসরি আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। এতে বিদেশি নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমার পাশাপাশি তথ্যের নিরাপত্তা, ইন্টারনেটের গতি ও সংযোগের মান উন্নত করা এবং দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।
ইমারাতে ইসলামিয়া যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ আলকোজাই হাফিযাহুল্লাহ জানান, আফগানিস্তান জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জ প্রকল্পটি দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ট্রাফিক বিনিময় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত করা হয়েছে। আগে দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে বিদেশি রুট ব্যবহারের কারণে তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
তিনি বলেন, বিদেশি রুট এড়িয়ে এই প্রকল্প দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের জন্য নিরাপদ ও কার্যকর অবকাঠামো তৈরি করবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়নে ১ কোটি আফগানি ব্যয়ে প্রয়োজনীয় সরঞ্জাম, ব্যবস্থা ও কারিগরি উপকরণ সংগ্রহ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে অভ্যন্তরীণ ইন্টারনেট ট্রাফিক বিনিময়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হবে। এর মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার পাশাপাশি সংযোগের মান ও গতি বাড়ানো সম্ভব হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞ জাভিদ হাসানজাই বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের ইন্টারনেট ব্যবস্থায় কয়েকটি সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ইন্টারনেটের গতি বাড়ানো, দেশের ভেতরে নিরাপদে তথ্য আদান-প্রদান এবং ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমানোর সুযোগ রয়েছে।
এর আগে আফগানিস্তান ইন্টারনেট এক্সচেঞ্জ কেন্দ্র সীমিত পরিসরে পরিচালিত হতো এবং অল্পসংখ্যক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত ছিল। নতুন ব্যবস্থায় দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট তথ্য আদান-প্রদানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র
1. Afghanistan Activates Internet Exchange Center to Improve Speed, Security
– https://tinyurl.com/bddphzk9


