
আফগানিস্তানের মায়দান ওয়ারদাক প্রদেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। এর অংশ হিসেবে প্রদেশটিতে ২০০ শয্যার একটি হাসপাতাল এবং একটি বৃহৎ মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৩৬ কোটি ৫০ লাখ আফগানি মুদ্রা ব্যয়ে বাস্তবায়নাধীন এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বখতার নিউজের ২০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার আমিরুল মুমিনিন শাইখুল ইসলাম মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ মায়দান ওয়ারদাক সফরকালে এই প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মোল্লা আবদুল হক ওয়াসিক হাফিযাহুল্লাহ এবং গজনি ও জাবুল প্রদেশের গভর্নর। হাসপাতালটি ২৯ জেরিব (প্রায় ১৪ দশমিক ৩ একর) জমির ওপর নির্মাণ করা হবে। এতে একসঙ্গে ২০০ ভর্তি রোগীর চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গম মায়দান ওয়ারদাকের বাসিন্দাদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দূরবর্তী প্রদেশ বা রাজধানী কাবুলে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে।
স্থানীয় বাসিন্দারাও হাসপাতাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ইয়াকুত খান আফজালি বলেন, তাঁদের এলাকায় স্বাস্থ্যসেবার নানা সমস্যা রয়েছে। বড় পরিসরের এই হাসপাতাল নির্মিত হলে এসব সমস্যার প্রায় ৮০ শতাংশ সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, নতুন বৃহৎ মসজিদটি আগের প্রশাসনের সময় ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদের স্থানে নির্মাণ করা হবে। ফলে ধর্মীয় অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি স্থানীয় মুসল্লিদের নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমের জন্য আরও উপযোগী পরিবেশ তৈরি হবে। মসজিদটি প্রদেশের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এ সফরে আমিরুল মুমিনিন স্থানীয় গভর্নর মোল্লা খাইরুল্লাহ খাইরখওয়াহ এবং প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসার, আলেমদের মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক সংস্কার, কর্মকর্তাদের মধ্যে ঐক্য ও সমন্বয় এবং নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার সুযোগ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে আন্তরিকতা ও সততার নির্দেশনা দেন।
তথ্যসূত্র :
1. Foundation Stones Laid for a Mosque and Hospital in Maidan Wardak by the Supreme Leader of the IEA
– https://tinyurl.com/yx5kjjrv


