
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে। সংগঠনটির নেতারা জানান, সংসদে সম্পত্তি হস্তান্তরের নামে কুরআনবিরোধী বিল পাস, আইনমন্ত্রীর ‘কুরআন মানবজাতির সংবিধান হতে পারে না’ বক্তব্য এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে সমকামিতাকে প্রমোট করে এমন গ্রন্থ ‘নেক্সাস’ উপহার দেওয়ার ঘটনা সরকারের ইসলামবিরোধী অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ যোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নেতারা এইসব কথা বলেন। দলের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, এসব কর্মকাণ্ডের কারণে মনে হচ্ছে সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে। পাশাপাশি সরকারের ভেতরে গোপনে থাকা কোনো মহল সরকারকে দিয়ে ইসলামবিরোধী বিভিন্ন কার্যকলাপ করানোর অপপ্রয়াস চালাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘মনে হচ্ছে প্রধানমন্ত্রী আশপাশে কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতকারী, ইসলামবিদ্বেষী লোক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাছের পোনা ছাড়ার পর ভেসে ওঠা ও বিশ্বজয়ী হাফেজদেরকে পুরস্কার হিসেবে বিতর্কিত গ্রন্থ, যা সমকামিতায় ধাবিত করে; এমন বই উপহার হিসেবে দেওয়া তারই প্রমাণ বহন করে।’
মাওলানা মিয়াজী ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে মন্ত্রী, এমপি ও দলের নেতা-কর্মীদের বিরত রাখতে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানান।
তথ্যসূত্র:
১। সরকার দিন দিন ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন
– https://tinyurl.com/kykdftwd


