
পবিত্র কুরআনকে সংবিধান হিসেবে মানা ঠিক হবে না বলা প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান (হাফিযাহুমুল্লাহ) এ প্রতিবাদ জানান।
সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্য— ‘কুরআনের আলোকে সংবিধান রচনা করা যেতে পারে, কিন্তু কুরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না’ এমন বক্তব্য উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, এ বক্তব্য মুসলিমদের ঈমান-আকিদার ওপর আঘাত।
তারা বলেন, আইনমন্ত্রীর এই বক্তব্য মুসলিমদের ঈমান-আকিদার ওপর মারাত্মক আঘাতস্বরূপ। পবিত্র কুরআন কোনো মানুষের রচিত সাময়িক আইনপত্র নয়; এটি বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর নাজিলকৃত অনাদি ও চূড়ান্ত সংবিধান। মানুষের রচিত সংবিধান পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য হলেও আল্লাহর কালাম অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য।
হেফাজতের দুই নেতা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির অবস্থান থেকে পবিত্র কুরআনের মর্যাদা ও বিধান নিয়ে এমন বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। তারা আইনমন্ত্রীকে অবিলম্বে এ বিষয়ে জাতির সামনে তার অবস্থান স্পষ্ট করে বক্তব্য প্রত্যাহার এবং তওবা করার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ঈমান, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানে এমন যেকোনো আচরণের বিরুদ্ধে দেশের তাওহিদি জনতা সর্বদা সোচ্চার থাকবে।
তথ্যসূত্র:
১। আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের
– https://tinyurl.com/mrcj2ebu


