
ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল হেলিম উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আব্দুল হেলিম গত ছয় মাস ধরে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগীর বাবা ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সে এমন কাজ করেছে। আমি এর বিচার চাই। আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমি শুধু চাই, সে যেন ছাড়া না পায়।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে আব্দুল হেলিমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র:
১। নান্দাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
– https://tinyurl.com/bdd5a7fk


