
কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন বাড়াতে ইমারাতে ইসলামিয়ার ধারাবাহিক কৃষিবান্ধব পদক্ষেপের ফলে আফগানিস্তানে কৃষিখাতে উৎপাদন বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় নানগারহার ভ্যালি কৃষি ইমারাতি কোম্পানির চারটি খামার থেকে চলতি বছর ৮ হাজার ৬২৩ টন কৃষিপণ্য উৎপাদনের আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় কোম্পানির কয়েকটি কৃষিপণ্যের উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে।
কৃষকদের উন্নত বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ইমারাতে ইসলামিয়ার কৃষি মন্ত্রণালয়। চলতি বছরও বিভিন্ন প্রদেশে কৃষকদের কাছে উন্নত বীজ, সার ও কৃষিযন্ত্র পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
নানগারহার ভ্যালি কৃষি ইমারাতি কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর প্রদেশটির জলপাই বাগান থেকে আনুমানিক ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ মেট্রিক টন জলপাই সংগ্রহ করা হতে পারে। গত বছর সংগ্রহের পরিমাণ ছিল ১ হাজার ২৮৪ দশমিক ৩১ মেট্রিক টন।
একইভাবে, চলতি বছর জলপাই তেলের উৎপাদন ১ লাখ ৪৩ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার লিটারে পৌঁছানোর আশা করা হচ্ছে। গত বছর উৎপাদন হয়েছিল ১ লাখ ৪০ হাজার ৩১৫ লিটার। এ ছাড়া চলতি বছর খেজুর উৎপাদন ২২ মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ১৯ মেট্রিক টন।
ইমারাতে ইসলামিয়ার কৃষিনীতি শুধু উৎপাদন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করা, আধুনিক চাষাবাদে উৎসাহ দেওয়া, সেচব্যবস্থা উন্নত করা, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়ানো এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমেও এসব উদ্যোগের প্রতিফলন দেখা যায়।
নানগারহারের চলতি মৌসুমের উৎপাদনের এ চিত্র সেই কৃষিবান্ধব উদ্যোগের বাস্তব সম্ভাবনাকেই সামনে এনেছে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বড় বাধা না থাকলে চলতি বছর কোম্পানিটির কৃষিপণ্যের উৎপাদন আরও বাড়বে বলে কর্মকর্তারা আশা করছেন। উৎপাদনের এই ধারাবাহিকতা বজায় থাকলে কৃষকদের আয়, দেশীয় কৃষিপণ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার পথও প্রসারিত হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র
– This year, 8,623 tons of produce will be obtained from four farms in Nangarhar Valley
– https://tinyurl.com/5n94t7z3


