
নেত্রকোনার কেন্দুয়ায় রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেছেন।
রোববার (১৫ নভেম্বর) দায়ের করা মামলার আসামিরা হল- উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ধারী ওই তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কামারগাঁও গ্রামের কান্দা হাওড়ের একটি গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ছাত্রীটি অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে চলে যায়।
রাত আনুমানিক আড়াইটার দিকে জ্ঞান ফিরলে ছাত্রীটি নিজেকে একা দেখতে পায়। পরে সে পাশের শিবপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলে তার বাবা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের জানায়, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুণী এখন সুস্থ আছে। তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তথ্যসূত্র:
১। ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
– https://tinyurl.com/4ds3ua6e


