
নীলফামারীর কিশোরগঞ্জে পবিত্র কালিমা বিকৃত করে নিজেকে ‘রাসূল’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করেছে ইসহাক আলী (৫৪) নামে এক ভণ্ড পীর। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা তার বাড়ি ঘেরাও করলে শুক্রবার (২০ নভেম্বর) পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে স্থানীয়দের পক্ষ থেকে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
ভণ্ড পীর ইসহাক আলী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মাহমুদের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ইসহাক আলী দীর্ঘদিন ধরে নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মুরিদ করে আসছিল। এবং দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে লাউডস্পিকার বাজিয়ে ছেলে-মেয়েদের একত্র করে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসময় স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ক্ষুব্ধ থাকলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি।
এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসহাক আলীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সে নিজেকে ‘রাসূল’ দাবি করতে এবং পবিত্র কালিমা বিকৃত করতে দেখা যায়। এছাড়া সে নিজের লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ ও কাবা শরিফ বলে প্রচার করে। একই সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসহাক আলী রাসূলুল্লাহ’ (নাউযুবিল্লাহ) বলেও প্রচার করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা তার বাড়ি ঘেরাও করে।
এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতার মধ্যে থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে জানায়, নিজেকে পীর ও রাসূল দাবি করে প্রচারিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তেজিত জনতা ওই ব্যক্তির বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২০ নভেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ভণ্ড পীর গ্রেপ্তার
– https://tinyurl.com/3dt7yz95


