ঝিনাইদহে সড়কে গাছ ফেলে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

0
0

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ডাকাতি করেছে মুখোশধারীরা। এ সময় ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শনিবার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল নোমান নামে এক ব্যক্তির। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক।

আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমে জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তারা। পথে সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল। এরপর তার মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা।

তিনি জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী সাংবাদিকদের জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী সাংবাদিকদের জানায়, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। সেখানে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল।


তথ্যসূত্র:
১। ডাকাতের কবলে প্রসূতি, ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
– https://tinyurl.com/3rc8zzus

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করল দুর্বৃত্তরা