কক্সবাজারের টেকনাফে ইজিবাইক থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

0
0

কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-১৫-এর কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য গণমাধ্যমে জানায়।

আ ম ফারুক আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২-সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছে।

এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি দল গত ২০ নভেম্বর আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে আয়াজ ও অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন ইজিবাইকের পেছনের যাত্রী বসার জায়গায় একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তার ভেতর থেকে বিস্ফোরক ও গুলিসহ অন্য আলামত উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে ছিল সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।

এসআরবি আরও জানায়, গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের কাছে সেগুলো ধ্বংসের আবেদন করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ এর নির্দেশনায় ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়করণ দল রামু সেনানিবাস থেকে গিয়ে শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।


তথ্যসূত্র:
১। টেকনাফে ইজিবাইক থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি উদ্ধার
– https://tinyurl.com/fjxwups8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা