
কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ঘরে ঢুকে ধর্ষণের পর এক গৃহবধূকে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সাংবাদিকদের জানায়, প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহরির সময় দুর্বৃত্তরা অতর্কিত বসতঘরে প্রবেশ করে লালা বিবির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত গৃহবধূর স্বামীর বড় ভাই বলেন, জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে, পুলিশ যার আলামত পেয়েছে। পরিকল্পিতভাবে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।
তথ্যসূত্র:
১। প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণের’ পর হত্যা
– https://tinyurl.com/3wch8xhj


