
মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৈনিক আমার দেশ জানায়, গত সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গির ৯ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক ধানক্ষেতে পরিচর্যা করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
১। নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ
- https://tinyurl.com/5n8m7ze9


