
ইমারাতে ইসলামিয়ার পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, ধারাবাহিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যেগের ফলে বর্তমানে ১০টি আন্তর্জাতিক এবং ২টি অভ্যন্তরীণ বিমান সংস্থা আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এই উন্নয়ন দেশের বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং বৈশ্বিক ও আঞ্চলিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ আরও শক্তিশালী হচ্ছে। যাত্রী পরিবহন এবং বাণিজ্যিক পণ্য পরিবহনে নিয়মিত ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়া বর্তমানে দেশে মোট ৫টি আন্তর্জাতিক এবং ২২টি অভ্যন্তরীণ বিমানবন্দর সক্রিয় রয়েছে, যেখানে নিয়মিতভাবে যাত্রী ও পণ্য পরিবহন সেবা প্রদান করা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসব বিমানবন্দরের কার্যক্রম সচল রাখতে এবং সেবার মানোন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান সংস্থার কার্যক্রম সম্প্রসারণ দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং বৈদেশিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. 10 International Airlines Operating Regular Flights to Afghanistan
– https://tinyurl.com/5eszsxhp


