
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সদ্য ইসলাম গ্রহণ করা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নওমুসলিম যুবকের নাম পুকাই চন্দ্র বর্মণ। তিনি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিন সালুয়া গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। প্রায় এক মাস আগে তিনি এফিডেভিটের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মো. উসমান মিয়া রাখেন।
গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া তিনি ইসলাম গ্রহণ করার পর পারিবারিক ভাবে তার বিরুদ্ধে একাধিকবার শালিসের আয়োজন করে। শালিসে তিনি জানান কারো প্ররোচনায় নয়, নিজ ইচ্ছায় তিনি ইসলাম গ্রহণ করেছেন।
সর্বশেষ সালিসে সিদ্ধান্ত হয় প্রতিমাসে তার স্ত্রী ও সন্তানের খরচ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে। তিনি তা দিতে আগ্রহ প্রকাশ করেন। এমনকি তিনি তার মায়ের ভরণপোষণ করতেও আগ্রহ প্রকাশ করেন।
তাকে গ্রেফতারের বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন দাবি করে জানায়, ‘আদালতের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে জানা যায়, তিনি ধর্ম পরিবর্তন করেছেন।’
উল্লেখ্য, গ্রেফতারের মাত্র কয়েকদিন আগে তিনি সুন্নাতে খাতনা করেছিলেন, পুলিশ এই অসুস্থ অবস্থায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
তথ্যসূত্র:
১। কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার
– https://tinyurl.com/mt482duh


